বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় আঘাত লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
হামলা ও ক্ষয়ক্ষতির চিত্র
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর আগে পুরো দেশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং সুনির্দিষ্ট হুমকির ধরন উল্লেখ না করেই বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি আহ্বান জানায় প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয় জানায়, হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায়। প্রাথমিক প্রতিবেদনে অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের দল কাজ করছে। তবে নিরাপত্তাজনিত কারণে স্থাপনাটির নাম বা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আইআরজিসির দাবি ও হামলার প্রেক্ষাপট
হামলার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অভিযানে বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত লঙ্ঘন ও আগ্রাসনের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় এবং এর আগে ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স’ জানিয়েছিল, বাহরাইনের শেখ ইসা ও জুফায়ারে মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ স্থানীয় সংবাদমাধ্যম ‘বাহরাইন নিউজ’-এর বরাতে দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটির কারণে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বারবার তেহরানের পাল্টা হামলার মুখে পড়ছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে অন্তত তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিক্রিয়া
সর্বশেষ এই হামলার পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে মানামা। এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ‘ইরানকে বাধ্য করতে দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে। গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশ ও জর্ডানের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে শত্রুতা ও সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছিল।
এদিকে, বাহরাইনের শিল্প স্থাপনায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সংস্থাটির মহাসচিব জসিম মোহাম্মদ আলবুদাইবি বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করে বলেন, ‘বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যেকোনো হুমকি মোকাবিলায় কাউন্সিল ঐক্যবদ্ধভাবে পাশে আছে।’ হামলা মোকাবিলায় বাহরাইন যেকোনো পদক্ষেপ নিলে জিসিসি তাতে পূর্ণ সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: আল জাজিরা