আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

November 8, 2026
by

|হাসান মেহেদী|
​কিছু কিছু মানুষ কালের গর্ভে হারিয়ে যান না। তাঁদের কর্ম, সৃষ্টি ও মানবপ্রীতির সুবাস যুগ যুগ ধরে প্রজন্মের মনে জাগরুক থাকে। আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী তেমনই মাটি ও মানুষের মাঝে সুবাস ছড়ানো একটি নাম। উত্তর ফটিকছড়ির অবহেলিত জনপদের উন্নয়নে যাঁর অবদান অগ্রগণ্য। তাঁর জীবন ছিল জনকল্যাণ, শিক্ষানুরাগ ও ত্যাগের এক উজ্জ্বল উপাখ্যান।

​বহুযুগ আগে থেকেই আবদুল মালেক চৌধুরীর পরিবার ছিল অত্যন্ত সচ্ছল ও সামাজিকভাবে সম্মানিত। কিন্তু তিনি পৈতৃক ধনসম্পদ কেবল ব্যক্তিগত বিলাসে সীমাবদ্ধ রাখেননি; বরং শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কাজে অকাতরে নিজের সম্পদ ব্যয় করেছেন। তাঁরই প্রত্যক্ষ উদ্যোগে ফটিকছড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ‘হেয়াকো বাজার’ গড়ে ওঠে।
​শিক্ষা প্রসারে তাঁর অবদান ছিল অনন্য। ফটিকছড়ির ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান ভূমিদাতা। তাঁর উদার দানে গড়ে ওঠা এই প্রাঙ্গণ আজ বহু শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করে চলেছে।

শুধু সাধারণ শিক্ষাই নয়, ধর্মীয় জ্ঞানচর্চার প্রসারে তিনি হেয়াকো রহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। এছাড়া হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়, হেয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এলাকার বিভিন্ন মসজিদ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার নেপথ্যে ছিল তাঁর অদম্য প্রেরণা ও সক্রিয় সহযোগিতা।

​এক সময় হেয়াকো বনানী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি স্বীকৃতি বাতিল হয়ে গেলে, তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার ধরনা দেন এবং নিজ তহবিল থেকে অর্থ ব্যয় করে স্কুলটি সচল রাখেন। পরবর্তীতে তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি পুনরায় স্বীকৃতি লাভ করে এবং উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।

​সমাজসংস্কার ও মানুষের বিপদে সহায়ক হিসেবে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। ১৯৬৫ সালে তৎকালীন দাঁতমারা-বাগানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি স্থানীয় পরিষদ কার্যালয়ের ত্রাণ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন।

পাক-ভারত যুদ্ধের সময় প্রায় দুই হাজার মুসলিম পরিবার ভারত থেকে এসে এই এলাকায় আশ্রয় নেয়। স্থানীয় জনগণের কিছু অংশের বিরোধিতা সত্ত্বেও তিনি সাহসিকতার সঙ্গে চিকনছড়া ও বড়বিল এলাকায় তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। সরকারি সাহায্য পৌঁছাতে দেরি হওয়ায় তিনি নিজ তহবিল থেকে তিন মাস ধরে ধান-চাল দিয়ে তাঁদের ভরণপোষণের ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনটি শরণার্থী শিবির খুলে সরকারি রেশনের ব্যবস্থা করে দেন।
​রাজনীতির মাঠেও তিনি রেখে গেছেন এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্থানীয় পর্যায়ে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করলেও তাঁর জীবনে নীতি ও আদর্শ ছিল সর্বাগ্রে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় দূরত্ব বজায় রাখেন।
​১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্থানীয় জননেতা ও জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার যোগাযোগব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের নির্দেশ তথা তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যাদেশে নারায়ণহাট–হেয়াকো সড়কের যোগাযোগ সচল রাখার লক্ষ্যে নারায়ণ বাজারের উত্তরে এবং জুজখোলা নন্দীর স্কুলের পাশে দুটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতু দুটি নির্মাণের ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ কবিরাজ কাঠসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেন এবং তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় সেতু দুটির নির্মাণকাজ সম্পন্ন হয়। এর ফলে মুক্তিযুদ্ধের কঠিন সময়ে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা সচল রাখা সম্ভব হয়।
​যুদ্ধ শুরুর প্রাক্কালে তৎকালীন রামগড় ইপিআর সদস্যদের খাদ্য সহায়তার জন্য তিনি নিজ গোলা থেকে ট্রাকে করে ধান পাঠান। পাকিস্তানি সেনাবাহিনী এলাকায় প্রবেশ করলে তাঁর পুরো বসতবাড়ি বোমা মেরে জ্বালিয়ে দেয়। তিনি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে পাঠিয়ে এক কাপড়ে শ্বশুরবাড়ি হাসনাবাদে আশ্রয় নেন এবং যুদ্ধকালীন বাস্তুহারা জীবন যাপন করেন।

​স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি অবিভক্ত দাঁতমারা ইউনিয়ন বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৮৩ সালে দাঁতমারা ইউনিয়ন পরিষদের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন। ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যানের নিকট ক্ষমতা হস্তান্তর করে পরবর্তীতে পবিত্র হজ পালন করেন।

​আজ আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী আমাদের মাঝে শারীরিকভাবে নেই। ২০১৯ সালের ৩ অক্টোবর তিনি নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। কিন্তু দৃষ্টির সীমানা থেকে হারিয়ে গেলেও তাঁর সীমাহীন ত্যাগ, অমর কীর্তি ও অবিনশ্বর আদর্শ কখনো বিস্মৃত হবে না। মানুষের হৃদয়ের গভীরে তিনি আজও সমুজ্জ্বল এক স্মৃতি। শিক্ষার প্রতি গভীর অনুরাগ, নীতি ও আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক মানবিক চেতনায় তিনি ছিলেন এক অনন্য মানুষ। তাঁর জীবন ছিল মানুষের জন্য নিবেদিত; তাঁর পথচলায় ছিল ত্যাগ, সততা, দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার। মানুষের কল্যাণে জীবনকে উৎসর্গ করার যে বিরল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপম দৃষ্টান্ত হয়ে থাকবে। #

লেখক : কলেজ শিক্ষক ও প্রাবন্ধিক।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

পরবর্তী স্টোরি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

Latest from সর্বশেষ

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ​বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের প্রাঙ্গণটি আজ যেন একখণ্ড সবুজ অরণ্যে রূপ নিয়েছিল। অর্গানাইজেশন ফর ডাইজেস্টার ম্যানেজমেন্ট (ওডিএমএস)-এর উদ্যোগে পঞ্চাশ হাজার চারা রোপণের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আজ শুরু হয়েছে এক মহতী বৃক্ষ বিতরণ উৎসব।
পূর্ববর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

পরবর্তী স্টোরি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

Don't Miss

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও