আহমদ ফারহান :
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের এক উর্বর ভূমি। এ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে শত শত বছরের পুরনো নানা নিদর্শন, যা আমাদের অতীত গৌরবের কথা মনে করিয়ে দেয়। গত শীতের ছুটিতে আমার পরিবারের সাথে কুমিল্লায় অবস্থিত ঐতিহাসিক ‘শালবন বিহার’ দেখার সৌভাগ্য হয়েছিল। এটি আমাদের দেশের অন্যতম প্রাচীন ও বিখ্যাত একটি পুরাকীর্তি।
শালবন বিহার প্রাচীন সমতট জনপদে অবস্থিত। বর্তমানে এটি বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি-লালমাই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
লালমাই পাহাড়ের কোল ঘেঁষে এর অবস্থান।
ইতিহাস ঘেঁটে জানা যায়, অষ্টম শতকের গোড়ার দিকে দেববংশের রাজা শ্রীভবদেব এই বিহারটি নির্মাণ করেছিলেন। এটি মূলত প্রাচীনকালে বৌদ্ধ ধর্মের একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র বা বিহার ছিল। সে সময়ে দূরদূরান্ত ও বিদেশ থেকেও বহু শিক্ষার্থী এখানে জ্ঞান অর্জন করতে আসতেন।
আমরা যখন মূল চত্বরে পৌঁছাই, তখন চারপাশের শান্ত, স্নিগ্ধ ও সবুজ পরিবেশ দেখে মন জুড়িয়ে যায়। চারদিকে ঘন শালবনের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রাচীন কীর্তিটি।
শালবন বিহারটি দেখতে অনেকটা চতুর্ভুজ আকারের। এর ভেতরের দিকে চারপাশে সারি সারি ছোট ছোট কক্ষ বা কুঠুরি রয়েছে। একসময় এখানে প্রায় ১১৪টি ভিক্ষু-কক্ষ ছিল, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন ও সাধনা করতেন। বিহারের ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় মন্দির বা স্তূপের ভগ্নাবশেষ। এখানকার পুরোনো পোড়ামাটির লাল ইট আর দেয়ালের কারুকার্য দেখে আজও মুগ্ধ হতে হয়।
শালবন বিহারের পাশেই রয়েছে একটি চমৎকার প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সেখানে প্রবেশ করতেই আমাদের চোখ জুড়িয়ে যায়। জাদুঘরের ভেতরে সারি সারি কাঁচের বাক্সে সংরক্ষিত রয়েছে প্রাচীন আমলের বহু দুর্লভ নিদর্শন। যেমন—
১। রাজা-মহারাজাদের ব্যবহৃত নানা ধরনের প্রাচীন তৈজসপত্র ও পাত্র।
২৷ পোড়ামাটির ফলক বা টেরাকোটা, যার গায়ে চমৎকার সব দেব-দেবী, লতাপাতা ও পশুপাখির অবয়ব খোদাই করা আছে।
৩৷ সে আমলের ব্যবহার্য বিভিন্ন প্রাচীন মুদ্রা, পাথরের মূর্তি ও সুন্দর অলংকার।
এসব জিনিস চোখের সামনে দেখে মনে হচ্ছিল, আমরা বুঝি কোনো টাইম মেশিনে চড়ে হাজার বছর আগের এক যুগে চলে এসেছি!
বইয়ের পাতায় প্রাচীন ইতিহাস পড়ার চেয়ে সরাসরি কোনো পুরাকীর্তি নিজের চোখে দেখা এবং তার ইট-পাথর ছোঁয়া—দুটোর অনুভূতি সম্পূর্ণ আলাদা। এই ভ্রমণ থেকে আমি আমাদের প্রাচীন শিল্পকলা, স্থাপত্য ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। আমার বাবা-মা আমাকে স্থানটির ইতিহাস বুঝিয়ে বলেন, যা আমার পড়াশোনা ও জ্ঞানের পরিধিকে অনেক বাড়িয়ে দিয়েছে।
পুরাকীর্তিগুলো হলো আমাদের জাতির অতীতের দর্পণ। এগুলো আমাদের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমাদের দেশের এই অমূল্য ও ঐতিহাসিক সম্পদগুলো যত্নসহকারে রক্ষা করা আমাদের সকলের সকলের দায়িত্ব। শালবন বিহার ভ্রমণের এই আনন্দময় স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
