হাসান মেহেদী
একটি শিশুর শৈশব কেবল পাঠ্যবই, শ্রেণিকক্ষ, পরীক্ষা আর ফলাফলের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষা মানে কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়; শিক্ষা হলো শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের একটি সমন্বিত প্রক্রিয়া। অথচ আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিশুর সামগ্রিক বিকাশের বিষয়টি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যাচ্ছে। বিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান, অতিরিক্ত পড়াশোনার চাপ, খেলাধুলার সীমিত সুযোগ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পারিবারিক পরিবেশ থেকে বিচ্ছিন্নতা শিশুদের স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ বাস্তবতায় প্রাথমিক বিদ্যালয়সহ সমপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নতুন করে বিবেচনা করা এখন সময়ের দাবি।বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো শিশুদের জন্য একটি কার্যকর, বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষকসংখ্যা, পাঠ্যক্রম, শিক্ষাসামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতির পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবস্থানের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিদ্যালয়ের সময়সূচি শুধু পাঠদানের সময়সীমা নির্ধারণ করে না; এটি শিশুর প্রতিদিনের জীবনযাপন, খাদ্যাভ্যাস, বিশ্রাম, বিনোদন ও পারিবারিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলে।বর্তমানে অনেক প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় শিক্ষার্থীদের থাকতে হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে সকাল নয়টা থেকে বিকেল চারটা ১৫ মিনিট পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়, যা কোমলমতি শিশুর স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশ্ন হলো, একটি শিশুর জন্য এত দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান কি আদৌ জরুরি? দীর্ঘ সময় থাকলেই কি শিক্ষার মান বাড়ে? শিক্ষার মান মূলত নির্ভর করে পাঠদানের কার্যকারিতা, শিক্ষকের দক্ষতা, উপযুক্ত পরিবেশ এবং শিশুর শেখার আগ্রহের ওপর।শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিতে শিশুর যথাযথ বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, শারীরিক সক্রিয়তা, মানসিক প্রশান্তি এবং আনন্দময় পরিবেশ অপরিহার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ শিশুর প্রারম্ভিক বিকাশে খেলাধুলা, পারিবারিক যোগাযোগ এবং আনন্দময় শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। অর্থাৎ, শিশুর শিক্ষা কেবল বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বাড়ি, পরিবার, সমাজ ও প্রকৃতিও তার শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।শিশুর প্রতিদিনের জীবনযাপনে বিদ্যালয়ের পাশাপাশি আরও অনেক বিষয়ের প্রয়োজন রয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশীলন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবারের সঙ্গে সময় কাটানো, সময়মতো খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম তার স্বাভাবিক জীবনের অংশ। এতে শিশুরা নিজস্ব ধর্মীয় অনুশীলনের সময়ও পেতে পারে। রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার সময়সূচি নির্ধারণে এসব বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। কোনো বিশেষ অনুশীলনকে সবার জন্য বাধ্যতামূলক না করে প্রতিটি শিশুর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্য পর্যাপ্ত সুযোগ রাখা উচিত।শিশুর খাদ্যাভ্যাস এবং পুষ্টির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সকালে পরিবারের সঙ্গে নাশতা, দুপুরে যথাসময়ে পুষ্টিকর খাবার এবং হালকা বিশ্রামের সুযোগ থাকা প্রয়োজন। দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করেও যদি শিশুরা যথাযথ খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না পায়, তবে তাদের মনোযোগ ও স্বাচ্ছন্দ্য ব্যাহত হয়। বিশেষ করে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য এটি অতিরিক্ত চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই সময়সূচি নির্ধারণে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং বিদ্যালয়ভিত্তিক পুষ্টি কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন।শিশুর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিশু শারীরিক সক্ষমতা অর্জন করে, নেতৃত্বের গুণাবলি শেখে এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলে। অথচ পাঠ্যসূচি শেষ করা ও ভালো ফলাফলের প্রতিযোগিতায় খেলাধুলা ক্রমেই গুরুত্ব হারাচ্ছে। বিদ্যালয় থেকে ফিরে ক্লান্ত শিশুর পক্ষে আবার নিয়মিত খেলাধুলা বা সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। অথচ বিকেলটি হওয়া উচিত শিশুর খেলাধুলা, শরীরচর্চা, বই পড়া এবং পারিবারিক বিনোদনের সময়।শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষকদের বিষয়টিও সমানভাবে বিবেচনা করা প্রয়োজন। একজন শিক্ষককে দীর্ঘ সময় প্রতিষ্ঠানে থেকে একটানা পাঠদান, প্রশাসনিক কাজ ও অন্যান্য দায়িত্ব পালন করতে হলে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হওয়া স্বাভাবিক। শিক্ষক যদি মানসিক প্রশান্তি নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পারেন, তবে পাঠদানের গুণগত মানও ক্ষুণ্ন হয়। তাই শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও একটি বাস্তবসম্মত ও কর্মবান্ধব সময়সূচি প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন শিশুবান্ধব সময়সূচি প্রণয়ন করা যেতে পারে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল নয়টা থেকে বিকেল তিনটা এবং শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করা যায়। এতে শিক্ষকরা প্রয়োজনীয় প্রস্তুতি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন এবং শিক্ষার্থীরা যথাসময়ে পাঠ গ্রহণ করে দুপুরের পর বাড়ি ফিরতে পারবে। তবে স্থানীয় আবহাওয়া, যাতায়াতব্যবস্থা ও বাস্তবতা বিবেচনায় সময়সূচিতে প্রয়োজনীয় নমনীয়তা রাখা উচিত। এখানে উল্লেখ্য, কেবল সময় কমিয়ে দিলেই শিক্ষার মান বাড়বে—এমন ধারণা সঠিক নয়; বরং নির্ধারিত সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, আনন্দময় পাঠদান, হাতে-কলমে শিক্ষা এবং ব্যক্তিগত মনোযোগের ব্যবস্থা থাকতে হবে। অপ্রয়োজনীয় সমাবেশ, দীর্ঘ বিরতি এবং পুনরাবৃত্তিমূলক কার্যক্রম কমিয়ে কার্যকর পাঠদানের ওপর জোর দিতে হবে। সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা হ্রাসের বিষয়টিও নতুন করে বিশ্লেষণ করা প্রয়োজন। জন্মহার হ্রাস, জনসংখ্যার স্থানান্তর, বেসরকারি প্রতিষ্ঠানের বিস্তার, শিক্ষার ব্যয় এবং বিদ্যালয়ের পরিবেশসহ নানা বিষয় এর সঙ্গে যুক্ত। তাই বিদ্যালয়ভিত্তিক উপস্থিতি ও ঝরে পড়ার হার বিশ্লেষণ করে সময়সূচির প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন। শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আস্থাও বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারও একটি বড় সমস্যা। অনেক স্থানে যথাযথ অবকাঠামো ও অনুমোদন ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে, যা শিশুদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তাই সরকারকে নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়াতে হবে। তবে জনস্বার্থে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হলে নীতিমালা অনুসরণ করে অনুমোদনের সুযোগ থাকতে হবে। উদ্দেশ্য প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা, কিন্ডারগার্টেন এবং এনজিও পরিচালিত বিদ্যালয়—সব ধারার প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত শিশুবান্ধব নীতিমালা থাকা প্রয়োজন। শিক্ষা ও পাঠ্যক্রম ভিন্ন হতে পারে, কিন্তু শিশুর স্বাস্থ্য, নিরাপত্তা, বিশ্রাম ও খেলাধুলার অধিকার সবার জন্য সমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনে কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু করা যেতে পারে। শিক্ষা মানে কেবল পরীক্ষায় ভালো ফল বা নির্দিষ্ট পাঠ্যসূচি শেষ করা নয়; শিক্ষার প্রকৃত উদ্দেশ্য একজন শিশুকে সুস্থ, মানবিক, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলা। যে শিক্ষাব্যবস্থা শিশুর শৈশবের আনন্দ কেড়ে নেয়, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। আজকের শিশুরাই ভবিষ্যৎ জাতি গঠন করবে। তাই তাদের শৈশবকে সুন্দর ও আনন্দময় করে তোলার দায়িত্ব আমাদের সবার। শিশুর বয়স, চাহিদা ও পারিবারিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে একটি বিজ্ঞানসম্মত সময়সূচি প্রণয়ন এখন সময়ের দাবি।
