হাসান মেহেদী, চট্টগ্রাম:
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তির হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পাহাড়-প্রকৃতিঘেরা ক্যাম্পাস।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধনের পর শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে হীরকজয়ন্তীর কেক কাটা হয়। শোভাযাত্রায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নেন।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ, বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। গবেষণার পরিধি বাড়িয়ে এর ফলাফলকে শিল্প, কৃষি ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি এআই ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, ৬০ বছর পূর্তি কেবল সময়ের হিসাব নয়; এটি জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের পথচলার প্রতিচ্ছবি। গবেষণাকে সমৃদ্ধ করে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরির কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি আবেগের নাম। এর শাটল ট্রেন ও ক্যাম্পাসের প্রতিটি কোণে গত ছয় দশকের স্মৃতি ও ইতিহাস জড়িয়ে আছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আগামী ৭৫ ও ১০০ বছরের লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা গ্রহণের কথা জানান। তিনি বলেন, ৫০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্প সম্প্রতি অনুমোদিত হয়েছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। এ ছাড়া গত আট মাসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন, ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, র্যাঙ্কিং সেল গঠন, কনফুসিয়াস সেন্টার চালু ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে এবং শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন জানান, সব বিভাগে সেমিস্টার পদ্ধতি ও আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা হচ্ছে এবং মূল্যায়নে অটোমেশন চালুর ফলে অধিকাংশ বিভাগের প্রথম সেমিস্টারের ফল ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপ দিতে আর্থিক ব্যবস্থাপনা, সনদ যাচাই ও ফলাফল প্রকাশে অটোমেশন ও ডিজিটাল কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
আলোচনা সভা শেষে সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা ও ডাকসুর আদলে চবির সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আবেগঘন স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিকেলে সংগীত ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।