
এম.আর.চৌধুরী মিল্টন:
একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর স্বদেশে প্রত্যাবর্তন, নির্বাচনে নেতৃত্ব দিয়ে দলের নিরঙ্কুশ বিজয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ—সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবন যেন এক দীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে নতুন গন্তব্যে পৌঁছানোর গল্প। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন উদ্যাপন করছেন তিনি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। জন্মসূত্রে রাজনীতির আবহে বেড়ে উঠলেও তাঁর রাজনৈতিক পথচলা কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সময়ের পরিক্রমায় নিজস্ব সাংগঠনিক তৎপরতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা। সেই পথ ধরেই আজ তাঁর অবস্থান দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে।
তারেক রহমানের শিক্ষাজীবনের সূচনা ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশ এবং দেশের রাজনৈতিক বাস্তবতা তাঁকে ক্রমেই রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

১৯৮৮ সালে পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। রাজনীতির শুরুতেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের পরিচয়ের চেয়ে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়। ধীরে ধীরে দলের বিভিন্ন পর্যায়ে তাঁর নেতৃত্ব ও প্রভাব বাড়তে থাকে।
তবে তাঁর রাজনৈতিক জীবনের পথ কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবাসের সেই অধ্যায় তাঁর জীবনে এক গভীর সংকটের সূচনা করে। সে সময় তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তিনি। চিকিৎসার জন্য যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে সেই অবস্থানই পরিণত হয় দীর্ঘ প্রবাসজীবনে। দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে ভৌগোলিকভাবে দূরে থাকলেও দলীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি।
লন্ডনে অবস্থান করেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে ভূমিকা রাখতে থাকেন তারেক রহমান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দেন তিনি। দূরত্ব, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতৃত্ব ধরে রাখা ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশে ফেরা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক পরিবেশ পুনরুদ্ধারের প্রত্যাশা তাঁর বক্তব্য ও কর্মকাণ্ডে বারবার উঠে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়। বদলে যেতে থাকে রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিন নির্বাসিত জীবনে থাকা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পথও ক্রমে উন্মুক্ত হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। রাজনৈতিক জীবনের এক দীর্ঘ অধ্যায়ের পর এটি ছিল তাঁর জন্য এক তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন।
দেশে ফিরে নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। তাঁর নেতৃত্বে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত হয় এক নতুন পরিচয়—রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব।
একসময় যিনি দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন, আজ তিনিই দেশের সরকারপ্রধান। এই পরিবর্তন তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার এক উল্লেখযোগ্য পরিণতি। তবে রাজনৈতিক সাফল্যের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যাশা, প্রতিশ্রুতি ও বহুমাত্রিক চ্যালেঞ্জ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অর্থনীতিকে গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের মতো বিষয়গুলো এখন তাঁর সরকারের সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উপস্থিত।
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
জন্মদিন ব্যক্তিজীবনের একটি আনন্দঘন উপলক্ষ হলেও রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে থাকা একজন মানুষের ক্ষেত্রে দিনটি হয়ে ওঠে আত্মমূল্যায়ন ও জনপ্রত্যাশারও উপলক্ষ। তারেক রহমানের জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায়, রাজনৈতিক উত্থান-পতন, কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন এবং প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তাঁর পথচলা নানা বাঁক অতিক্রম করেছে। সেই পথ তাঁকে এনে দাঁড় করিয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এখন সময়ের বিবেচনায় তাঁর সবচেয়ে বড় পরিচয় কেবল একটি রাজনৈতিক দলের নেতা কিংবা একজন প্রধানমন্ত্রী হওয়া নয়; বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর ও দূরদর্শী হয়ে উঠতে পারে, সেটিই হবে আগামী দিনের বড় মূল্যায়ন।
লেখক : সম্পাদক ও প্রকাশক, এনবিনিউজ২৪ডটকম