
নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। উৎসবে যোগ দিতে আসা সাবেক শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সকাল থেকেই দেশ-বিদেশের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা চবি ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে ফিরে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের এই আয়োজন এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
উৎসবমুখর এই দিনে ক্যাম্পাসে আসা প্রাক্তন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আগত সাবেক শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে স্বাগত জানান। প্রাক্তনদের প্রতি বর্তমান শিক্ষার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধন
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং হীরকজয়ন্তীর কেক কাটা হয়।
আলোচনা সভা ও প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি ও আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ এবং নম্বর ও মূল্যায়ন কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে অধিকাংশ বিভাগের ফলাফল মাত্র ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, চবিকে একটি উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর ও গবেষণাবান্ধব আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই প্রশাসনের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে আর্থিক ব্যবস্থাপনা ও সনদ যাচাই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে এবং ফলাফল প্রকাশ পুরোপুরি অনলাইনে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা ও নবীন শিক্ষক-কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আবেগঘন স্মৃতিচারণ ও পুনর্মিলনী আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা এবং ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
তাঁদের বক্তব্যে উঠে আসে বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি দিনগুলোর নানা ঘটনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড ও ক্যাম্পাসের ক্রমবিকাশের ইতিহাস। প্রাক্তনদের আবেগঘন স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।