এনবিনিউজ২৪ ডেস্ক:
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এক বিবৃতিতে জানান, কুনারের আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, স্কুলটির কাছাকাছি খনি কোম্পানিগুলোর গুদামে মজুদ করে রাখা বিস্ফোরক থেকেই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।
পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনি রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আব্দুল মতিন কানি জানান, কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে হতাহত শিক্ষার্থীদের বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছিল বলে জানিয়েছিল দেশটিতে অবস্থিত জাতিসংঘের সহায়তা মিশন। ওই ঘটনায় আহত শিশুদের সবার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছিল।