নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে আরও দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পগ্রুপ কেএসআরএম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির তৈরি ৪০০৮এস মডেলের মেশিন দুটি চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে চমেক হাসপাতালের পরিচালক বলেন, চমেকে ধারাবাহিক মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে কেএসআরএম সবসময় অগ্রণী ভূমিকা রাখছে। এই আধুনিক মেশিনগুলোর মাধ্যমে কিডনি রোগীরা এখন আরও কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। এ সময় তিনি এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের অন্যান্য বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতালে প্রায় দুই কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম দিয়েছিল কেএসআরএম। ওই চালানে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম ছিল।