ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ফাঁস হওয়া নথিতে ভয়াবহ চিত্র
নভেম্বর ২৫, ২০২৬

​আন্তর্জাতিক ডেস্ক:

​ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে রুশ সাধারণ জনগোষ্ঠীর তুলনায় রুশ সেনাদের আত্মহত্যার প্রবণতা দ্বিগুণেরও বেশি হয়েছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ উদ্বেগজনক তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

​বেলারুশ ও ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ ও ‘সাইলেন্ট ক্রো’ রসস্ট্যাটের তথ্য ফাঁস করার পর যুদ্ধে মস্কোর চড়া মূল্য দেওয়ার চিত্র সামনে এসেছে। এই সংঘাতে এ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি রুশ নাগরিক নিহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।

​এফটির হিসাব অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ হাজার ২২৯ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অনেক আত্মহত্যার ঘটনা যুদ্ধক্ষেত্রে মৃত্যু হিসেবে নথিভুক্ত হচ্ছে, কারণ কর্তৃপক্ষ বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মিডিয়াজোনা ও বিবিসি রুশ সার্ভিসের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা গেছে, মোট সামরিক আত্মহত্যার সংখ্যা ১ হাজার ৬০০ ছুঁতে পারে।

​বছরে বছরে বাড়ছে আত্মহত্যার হার:

নথি অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে সেনাদের আত্মহত্যার হার ধারাবাহিকভাবে বেড়েছে। তথ্যে দেখা যায়, ২০২৩ সালে ২৩৫ জন, ২০২৪ সালে প্রায় ৩০০ এবং ২০২৫ সালে ৩৭১ জন সেনা আত্মহত্যা করেন। গত সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য বিবেচনায় চলতি ২০২৬ সালে এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর মধ্যে ৬শর বেশি মৃত্যু ঘটেছে ইউক্রেনের আংশিক দখলকৃত চার অঞ্চলের সম্মুখসারিতে।

​বাখমুত, আভদিইভকা ও পোকরভস্কের মতো তীব্র লড়াইয়ের এলাকাগুলোতে রাশিয়ায় নিবন্ধিত ১৮ বা তদূর্ধ্ব বয়সী পুরুষ নাগরিকদের মৃত্যুর হিসাব বিশ্লেষণ করেছে এফটি। তবে দখলকৃত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসরত রুশ নাগরিকদের এ হিসাবে রাখা হয়নি। সম্মুখসারির এসব ঘটনার তিন-চতুর্থাংশের বেশি রসস্ট্যাটের নথিতে সামরিক চাকরিরত হিসেবে চিহ্নিত ছিল, নয়ত মিডিয়াজোনা ও বিবিসির নিহত সেনাদের তালিকার সঙ্গে মিলে গেছে।

​স্থান ও বয়সভেদে চিত্র:

দখলকৃত এলাকার বাইরের প্রায় ৬০০ আত্মহত্যার মধ্যে ৪০৬টি ঘটেছে রাশিয়ায়, ২৮টি দখলকৃত ক্রিমিয়ায় এবং ৭টি তীব্র লড়াই চলা ইউক্রেনের অনধিকৃত এলাকায়। বাকি ১৪৮টি নথিতে মৃত্যুর স্থান উল্লেখ নেই।

​বয়সের দিক থেকে দেখা গেছে, আত্মহত্যা করা অন্তত ৬ জন কনস্ক্রিপ্ট সেনার বয়স ছিল ১৮ থেকে ২১ বছর। আর মোট মৃত্যুর প্রায় ৩০ শতাংশ ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষ ও ২০ শতাংশের বেশি ১৮ থেকে ২৪ বছর বয়সী।

​সংখ্যালঘু অঞ্চল ও মানসিক চাপ:

২০২২ সালের সেনা সমাবেশে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতার সংখ্যালঘু অধ্যুষিত বাশকোর্তোস্তান ও পূর্ব সাইবেরিয়ার বৌদ্ধ সংখ্যালঘু অধ্যুষিত বুরিয়াতিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি দেখা গেছে।

​সেনাদের দলত্যাগে সহায়তা করা গোষ্ঠী ‘গেট লস্ট’-এর পরিচালক গ্রিগরি সভের্দলিন বলেন, লড়াই করতে না চাওয়া মানুষকে জোর করে সেনাবাহিনীতে নেওয়ায় এবং বের হওয়ার বৈধ পথ না থাকায় হতাশা তৈরি হচ্ছে।

​জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ জানিস ক্লুগে জানান, সম্মুখসারির ড্রোন-নিয়ন্ত্রিত মৃত্যুক্ষেত্র থেকে আত্মহত্যার নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন। গত মার্চে ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভও ড্রোনের কারণে রুশ সেনাদের আত্মহত্যার ঘটনা বাড়ার কথা জানিয়েছিলেন।

​সভের্দলিন জানান, আত্মহত্যার চেষ্টার পরও এক চুক্তিভিত্তিক সেনাকে বাহিনীতে রেখে দেওয়া হয়েছিল। আরেকজনকে মানসিক চিকিৎসা নিতে বাধ্য করে ফিরিয়ে আনা হয় এবং এক মাসের বেশি সময় অস্থায়ী কারাগারে সামরিক পুলিশের পাহারায় রাখা হয়।

​তথ্য গোপন ও নীরবতা:

২০১০ সালে সেনাদের আত্মহত্যার তথ্য প্রকাশ বন্ধ করে মস্কো। ইউক্রেনও আত্মহত্যার তথ্য প্রকাশ করে না, যদিও ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ন্যাশনাল অ্যাকাডেমির প্রতিবেদনে ২০২২ সালে ১০ মাসের কম সময়ে ৩৪০ জন সেনার আত্মহত্যার তথ্য এসেছিল।

​সেনাদের আত্মহত্যার এসব তথ্য সামনে এলেও এ নিয়ে রসস্ট্যাট ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

সর্বশেষ

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

​গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক শুরু ​কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির দুদিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এই বৈঠকে মূলত ১৯৯৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

​বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড ​আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায়
পূর্ববর্তী স্টোরি

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

Don't Miss

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

​নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য

চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় দেড় হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Share this... Facebook Whatsapp Twitter Email Print