
নিজস্ব প্রতিবেদক
উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এ ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পের ঘটনায় দেশের কোথাও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।