
হাসান মেহেদী:
সবুজ ক্যাম্পাস বিনির্মাণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দুর্লভ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেড় হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ব্র্যাক ব্যাংকের সহায়তায় এবং চন্দ্রকলি ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়ভাবে সহযোগিতা করছে পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টা থেকেই হল এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে স্থান পরিষ্কার ও রোপণের প্রস্তুতি সম্পন্ন করেন। উদ্বোধনী দিনে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির আট শতাধিক চারা রোপণ করা হয়েছে। এ উদ্যোগের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট দেড় হাজার চারা রোপণ করা হবে।
কর্মসূচির উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আমাদের এই ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে শীতকালীন ফুলের গাছগুলো ফুটে উঠলে ক্যাম্পাসে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হবে।” রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাবেক চবি উপ-উপাচার্য ও আওয়ার গ্রিন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ.এস. ফারুক আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান (মামুন), হাটহাজারী শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, আওয়ার গ্রিন ক্যাম্পাসের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় চলতি বছর দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। চবির এ কর্মসূচি সেই জাতীয় উদ্যোগেরই অংশ।