নিজস্ব প্রতিবেদক :
২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধনকারীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁদের প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হজযাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৭ সাল) ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।