শিমু-মোশারফের ‘যাত্রা বিরতি’

নভেম্বর ২৬, ২০২৬

বিনোদন প্রতিবেদক

​দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। তবে এবার ছোট পর্দায় নয়, তাদের দেখা যাবে বড় পর্দায়। চরকি প্রযোজিত ঈদের বিশেষ সিনেমা ‘যাত্রা বিরতি’তে জুটি বাঁধছেন তারা। তরুণ নির্মাতা কাজী আসাদ পরিচালিত এই সিনেমায় তাদের সঙ্গে আরও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান ও প্রার্থনা ফারদিন দীঘি। ২০২৭ সালের ঈদে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

​সম্প্রতি নির্মাতা ও শিল্পীদের মধ্যে আনন্দঘন পরিবেশে সিনেমার চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। এরইমধ্যে শুটিংয়ের জন্য পুরো ইউনিট সাগরকন্যা কুয়াকাটায় অবস্থান করছে। কুয়াকাটাসহ দেশের আরও বেশ কিছু দর্শনীয় স্থানে আগামী ডিসেম্বর পর্যন্ত টানা এই সিনেমার দৃশ্যধারণ চলবে।

​গল্পের প্রেক্ষাপট 

​মধ্যবিত্ত একটি পরিবারের জমানো হাসি-কান্না, দুঃখ আর পারিবারিক ভ্রমণের পথে ঘটতে থাকা নানান ঘটন-অঘটন নিয়ে এগিয়েছে ‘যাত্রা বিরতি’র গল্প। এতে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ৮৪ বছর বয়সী দিলারা জামান। শুটিংয়ের উছিলায় ভ্রমণ এবং তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর ইচ্ছাতেই এই বয়সেও কাজটি করতে রাজি হয়েছেন তিনি। মজার ছলে দিলারা জামান বলেন, “তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?”

​সিনেমাটিতে আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। এর গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

​নির্মাতা ও শিল্পীদের ভাবনা

​ওটিটি প্ল্যাটফর্মে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ এবং ‘লাইফলাইন’ ফিল্ম নির্মাণ করে প্রশংসা কুড়ানো কাজী আসাদ ‘যাত্রা বিরতি’র মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন। ঈদে মুক্তির কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, “উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। আমাদের গল্পটাও যেহেতু পারিবারিক আবহের, তাই মনে হয়েছে এটি ঈদে মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত।” মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর রসায়ন বড় পর্দাতেও দর্শকদের আবেগি করে তুলবে বলে আশাবাদী তিনি।

​কাজী আসাদের পরিচালনায় এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করায় নির্মাতার সঙ্গে মোশাররফ করিমের বোঝাপড়াটা বেশ ভালো। নিজের অনুভূতি জানিয়ে মোশাররফ করিম বলেন, “সুমাইয়া শিমু এবং আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা বেশ ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা সঠিকভাবে ফুটিয়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

​অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে চলচ্চিত্রে ফিরছেন সুমাইয়া শিমু। শুরুতে কিছুটা দোটানায় থাকলেও গল্প, নিজের চরিত্র এবং সহশিল্পীদের কথা ভেবেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। শিমু বলেন, “স্ক্রিপ্ট পড়ে ভালো লেগেছে, চরিত্রটাও সুন্দর। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।”

​সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত হলেও কিছুটা স্নায়ুচাপে ভুগছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এটিই তার প্রথম কাজ। দীঘি বলেন, “মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, তা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি জড়তা কেটে যাবে।” অভিনেতা রাকিব হোসেন ইভনও দারুণ এই গল্পে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Don't Miss

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

​নিজস্ব প্রতিবেদক : ​২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধনকারীদের