আড়াই বছর পর ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নভেম্বর ২৭, ২০২৬
​ডেস্ক রিপোর্ট:

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত প্রথম ধাপের ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রয়োজনীয় কিছু নথিপত্র অসম্পূর্ণ থাকায় বাকি ৯ জন এ যাত্রায় যেতে পারেননি।

​কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন সাপেক্ষে ওই ৯ জন কর্মীও দ্রুতই মালয়েশিয়ায় যাবেন।

​শুক্রবার ভোর ৪টার দিকে ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এলে নতুন কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। এ সময় ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকা ও নিয়োগকারী প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার’ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​বিমানবন্দরে কর্মীদের উদ্দেশে হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী বলেন, “মালয়েশিয়া আমাদের বন্ধুভাবাপন্ন দেশ। এখানে অনেক বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করছেন, আপনারাও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। তবে প্রতিটি দেশেরই নিজস্ব আইন ও সংস্কৃতি রয়েছে। এ দেশের আইনকানুন ও সংস্কৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখতে হবে।”

​সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কর্মীদের বিশেষভাবে সতর্ক করে হাই কমিশনার আরও বলেন, “মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী অনুসরণ বা শেয়ার করছেন, তা নজরদারিতে রাখা হয়। এর ফলে অনেক সময় নিরপরাধ মানুষও বিপদে পড়েন। তাই এমন কোনো আপত্তিকর বিষয় শেয়ার করবেন না, যা আপনার নিজের, সহকর্মীদের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।”

​হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে নতুন কর্মীদের দুই ভাগে ভাগ করে ডিএইচএল কুরিয়ারের তত্ত্বাবধানে কর্মস্থলে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একটি দল পেনাং রাজ্যে এবং অপর দলটি কুয়ালালামপুরের অদূরে শাহ আলম এলাকায় কাজ করবেন।

​এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায়বেলায় তিনি কর্মীদের সুস্থতা কামনা করেন এবং মালয়েশিয়ার আইন মেনে দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। এ সময় আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে ও সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান সরকারপ্রধান।

​উল্লেখ্য, সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। এর আগে ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৪ লাখ বাংলাদেশি কর্মী গিয়েছিলেন। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার খুলে দেওয়া এবং অভিবাসন ব্যয় কমিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের আহ্বান জানান।

​তারই ধারাবাহিকতায় বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রথম ধাপে ১১২ জনকে চূড়ান্ত করা হয়।

​বোয়েসেল সূত্র জানায়, ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা ১ হাজার ৭০০ রিঙ্গিত মাসিক বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা বহন করবে।

​কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

Leave a Reply

Your email address will not be published.

Don't Miss

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

​বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিল্প স্থাপনায়

‘বিসমিল্লাহ’র সাতটি অনন্য উপকারিতা

মাওলানা আহমদ ফারদিন  বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিনমাত্রই বিসমিল্লাহর