আইনজীবী আলিফ হত্যার দুই বছর: বিচার কতো দূর?

নভেম্বর ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

​চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও মামলার বিচারপ্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘ এই সময়ে মামলার ৪৯ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। তাছাড়া, প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী এখন পর্যন্ত সাক্ষীদের কাউকেই জেরা করেননি।

​বর্তমানে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে বিচারাধীন রয়েছে। তবে বিচারপ্রক্রিয়ার ধীরগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে বাদীপক্ষ। একই দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

​সভা থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় সরকারি আদেশ (গেজেট) জারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

​বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “আমরা শুরু থেকেই দ্রুত ও ন্যায্য বিচারের দাবি জানিয়ে আসছি। বিচারপ্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই, মামলাটির বর্তমান অগ্রগতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।”

​মামলা স্থানান্তরের জটিলতা তুলে ধরে তিনি জানান, আলিফের বাবা ও মামলার বাদী গত বছরের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সরকারি আদেশ বা গেজেট হয়নি। ফলে মামলাটি মূলত দায়রা মামলা হিসেবেই বিচারাধীন। তবে মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে মামলাটি নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।

​বিচারের বর্তমান গতিতে পুরো প্রক্রিয়া শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই আইনজীবী। তিনি বলেন, “মোট ৪৯ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪ জন সাক্ষ্য দিয়েছেন। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরও জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক এবং রায়ের অপেক্ষা রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবী একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন। এমনকি সাক্ষীদের কাউকেই তারা জেরা করেননি।”

​অন্যদিকে, সাক্ষীদের জেরা না করার কারণ ব্যাখ্যা করে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বলেন, “মামলার অভিযোগ গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে আমরা তখনই আবেদন করেছিলাম। উচ্চ আদালতে সেই আবেদনের শুনানি কিছুদিনের মধ্যে হতে পারে। তাই আমরা কোনো সাক্ষীকে জেরা করিনি।”

​তবে বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী মনে করেন, একজন আইনজীবীর প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার বছরের পর বছর ঝুলে থাকলে তা নিহতের পরিবার, আইনজীবী সমাজ এবং ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য গভীর হতাশার কারণ হবে। কোনো অযৌক্তিক বিলম্ব যেন ন্যায়বিচারের পথকে বাধাগ্রস্ত করতে না পারে, সে দাবি জানান তিনি।

​উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেদিন তাকে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা আদালত সড়কে যানবাহন ভাঙচুর করলে সাধারণ আইনজীবী ও কর্মচারীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নগরীর রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

​এ ঘটনায় ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করে মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে হুকুমদাতা হিসেবে চিন্ময় দাসকে প্রধান আসামি করা হয়।

​তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের ভাষ্যমতে, ঘটনার সময় পুলিশ হেফাজতে থাকলেও জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় দাস আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যে উত্তেজিত হয়েই অন্য আসামিরা আইনজীবীর ওপর হামলা চালায় বলে তদন্তে ও গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে।

​এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সর্বশেষ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: ​সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ​মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে
পূর্ববর্তী স্টোরি

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

Don't Miss

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

​নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো

কৃত্রিম বুদ্ধিমত্তা: শিক্ষার্থীদের সৃজনশীলতার সহায়ক নাকি অন্তরায়?

ইবনে কবির : ​কয়েক যুগ আগেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের প্রধান