নিজস্ব প্রতিবেদক
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় দিনদুপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি বাসে এই আগুন লাগে। তবে এটি নাশকতামূলক অগ্নিসংযোগ নাকি প্রখর রোদের তাপে সৃষ্ট দুর্ঘটনা—তা নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অন্যদিকে, নাশকতার বিষয়টি নাকচ করে ভিন্ন ধারণার কথা জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “বাসটি গত দুদিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। যেহেতু বাসটি গ্যাসচালিত, তাই ধারণা করা হচ্ছে রোদের প্রখর তাপে এতে আগুন ধরে গেছে।”