চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরের চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রিজুর শয্যাপাশে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গোলাম মহিউদ্দিন রিজু বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের (কুসাব ’৮৩) প্রাক্তন শিক্ষার্থী।
সাক্ষাৎকালে উপাচার্য আহত রিজুর উন্নত চিকিৎসার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, গত বুধবার (১৮ নভেম্বর) চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানস্থলে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাম মহিউদ্দিন রিজু। দুর্ঘটনায় তাঁর মুখে প্রায় ১০টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে তাঁর শরীরের ডান পাশ অবশ হয়ে আছে এবং তিনি তা নড়াচড়া করতে পারছেন না।
উপাচার্যের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা কামরুল হাসান হারুন, ১৫তম ব্যাচের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বাবুল, ১৮তম ব্যাচের দাউদ আব্দুল্লাহ হারুন, ২১তম ব্যাচের জহিরুল আলম, ১৫তম ব্যাচের সিদ্ধার্থ বড়ুয়া, অ্যাডভোকেট দিনামনি দে এবং হাফিজুর রহমানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।