নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে, যার ওপর মাছি ও পোকামাকড় বসছে। রান্নাঘরের বিভিন্ন অংশে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব ছিল। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিমও পাওয়া যায়।
এ সময় রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এতে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় হলুদের গুঁড়ায় লেডের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের উপাদান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সরবরাহের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়াহিয়া এবং কর্মচারী উৎপলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।