নিজস্ব প্রতিবেদক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বাহিনী সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত ৪৯ প্লাটুনের মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫ প্লাটুন এবং গাজীপুরে ১৩ প্লাটুন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টগুলোতে নিয়মিত টহল, নজরদারি এবং মোবাইল মুভমেন্ট জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই তৎপরতা দিন-রাত অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।