নিজস্ব প্রতিবেদক:
ফেলে দেওয়া ছানার পানি বা হোয়ে থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়ার কথা রয়েছে।
দেশে মিষ্টি, ছানা ও পনির উৎপাদনের পর উপজাত হিসেবে বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, যা পরিবেশ দূষণের পাশাপাশি মূল্যবান পুষ্টিগুণের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এই অপচয় রোধে অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল গবেষক ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেন। এই প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া ছানার পানি প্রক্রিয়াজাত করে পুষ্টিসমৃদ্ধ ও স্বাস্থ্যকর গাঁজনকৃত পানীয় তৈরি করা সম্ভব হয়েছে।
অধ্যাপক হুমায়ুন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৭ থেকে ৮ মিলিয়ন টন ছানার পানি উৎপন্ন হয়, যার একটি বিশাল অংশ যথাযথভাবে ব্যবহৃত না হওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাঁর এই গবেষণা কেবল পানীয় উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকেনি; ছানার পানির বহুমুখী ব্যবহার ও অর্থনৈতিক মূল্য সংযোজনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে আনারস ও পেঁপের প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে ‘রিকোটা’ ধরনের পনির তৈরির গবেষণাও চলমান রয়েছে। এর ফলে ছানার পানির পাশাপাশি আনারসের ফেলে দেওয়া অংশেরও কার্যকর ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
উদ্ভাবিত এই প্রযুক্তিটি ২০২৫ সালে একটি স্বীকৃত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয় এবং ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। ইতিমধ্যে এই প্রযুক্তির ওপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দুই শতাধিক খামারি ও উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা পর্যায়ে এই পুষ্টিকর পানীয়টির বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।
২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ুন কবিরের দেশি-বিদেশি সাময়িকীতে ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘সিআরসি প্রেস’ থেকে তাঁর একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ প্রকাশিত হয়, যা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষার পাঠদানে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আন্তর্জাতিক একাডেমিক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে অভিনন্দন জানিয়ে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, অধ্যাপক হুমায়ুনের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিভাসুর সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবে।