নিজস্ব প্রতিবেদক:
ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন এবং ভূমিদস্যুরা প্রশ্রয় না পায়, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ‘ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়ন’ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের এ জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে এবং জমি সংক্রান্ত অসন্তোষ নিরসনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো অসহায় কৃষক বা সাধারণ মানুষ যেন ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।
দায়িত্ব পালনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা রাখার পরামর্শ দিয়ে মো. মিজানুর রহমান মিনু বলেন, প্রত্যেক কর্মকর্তাকে নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। জনসেবার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের ফলে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।