হাসান মেহেদী:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তর ও ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়।
‘ওবিই টিচার্স ওরিয়েন্টেশন ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) এই কর্মশালা শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জন হবে শিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ। গবেষণার জন্য শুধু অর্থায়নের অপেক্ষায় না থেকে আমাদের নিজেদেরও উদ্যোগী হতে হবে। সময় বের করে নতুন সমস্যা খুঁজতে হবে, গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে এবং সমাধানের পথ বের করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ ও সুযোগ তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে উপাচার্য আরও জানান, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নির্মাণকাজ শুরু হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে মোট ৪১৬ জন শিক্ষককে চারটি গ্রুপে ভাগ করে প্রতিদিন দুটি পৃথক ভেন্যুতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলা এই কর্মশালায় পাঠপরিকল্পনা প্রণয়ন, ওবিই কারিকুলামের বিভিন্ন দিক এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকদের ওবিইভিত্তিক পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে দক্ষতা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম মাসুদুল আজাদ চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন ও প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং চবি প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন।